ভাঙ্গার কাজী শামচুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন না করার অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হলেও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজী শামচুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অরুণ দত্তের একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয় প্রাঙ্গণে কোনো ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়নি। এর আগেও সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি যথাযথভাবে পালন না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে আনীত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক অরুণ দত্ত বলেন, “ঈদ-ই-মিলাদুন্নবী পালন করা হয়নি—এ তথ্য সঠিক নয়। আমি প্রতিষ্ঠানের সকল শিক্ষকের সাথে পরামর্শ করেই স্থানীয় কোর্ট মসজিদে শিক্ষার্থীদের পক্ষ থেকে তবারক বিতরণের মাধ্যমে দিবসটি পালন করেছি।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত হোসেন জানান, “সরকারি নির্দেশনা ও প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলার প্রতিটি বিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। অন্যান্য সকল প্রতিষ্ঠানে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালিত হলেও কাজী শামচুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় কেন ক্যাম্পাসে কর্মসূচি পালন করেনি, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল ও ধর্মীয় অনুভূতির বিষয়। শিক্ষক-শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করবে—এমনই সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন প্রতিষ্ঠানটিতে কর্মসূচি আয়োজন করা হয়নি, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, বুধবার (২৬ আগস্ট) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হলেও কাজী শামচুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকায় স্থানীয় মহলে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
|