বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ
বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ আসামি গ্রেপ্তার
বাঁশখালীর জিল্লুর হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব (ছবি: সংগৃহীত)।

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘটিত বহুল আলোচিত জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা দিদার (৪০), আহমদ উল্লাহ (৪০), শহিদ (৪০) এবং শহিদুল ইসলাম কালু (৩৫)।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় লবণ মাঠ ও মাছের ঘেরের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত জিল্লুর রহমান ওই এলাকার একটি স্থানীয় লবণ ও মৎস্য সমবায় সমিতির অধীনে মাসিক বেতনে নৈশপ্রহরী বা পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৩০ জুলাই রাতে ঘেরটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সশস্ত্র একদল দুর্বৃত্ত তাজুর ঘোনায় প্রবেশ করে জিল্লুরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে সরাসরি গুলি চালালে তাঁর বুকে তিনটি গুলি বিদ্ধ হয়। পরদিন ৩১ জুলাই ভোরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলীম বাদী হয়ে বাঁশখালী থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পর জড়িত আসামিরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে মহাসড়ক থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন