মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও শহর শাখা ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমাদের দেশে নানা সংকট বিদ্যমান, যার মধ্যে অন্যতম বড় সংকট হলো মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করা। বিগত সময়ে সবসময় দেখা গেছে কীভাবে মেধাবীদের পথ রুদ্ধ করা যায়। সেই প্রেক্ষাপটেই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে, রাজপথে নামতে হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা আশা করেছিলাম ঐতিহাসিক পরিবর্তনের পর মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু সম্প্রতি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আবারও মেধার বদলে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার নানা অপতৎপরতা ও ষড়যন্ত্রের খবর সামনে আসছে। মেধার অবমূল্যায়ন জাতি কোনোভাবেই মেনে নেবে না।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী এবং মৌলভীবাজার শহর শিবিরের সাবেক সভাপতি মুরশেদ আহমদ চৌধুরীসহ অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নৈতিকতা ও মেধার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
|