নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এমপি খোকন তালুকদার
বি. এম হানিফ, কালকিনি ও ডাসার প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
গতকাল জাতীয় সংসদের চলমান অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন ও কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।
নৌপরিবহন স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনিসুর রহমান তালুকদার খোকন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “নদীমাতৃক বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন হলো নৌপথ। দেশের অবহেলিত দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন প্রান্তের নদীপথ ও চ্যানেলগুলো খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী আধুনিকায়ন এবং সমুদ্র ও নদীবন্দরগুলোর প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সংসদীয় কমিটির মাধ্যমে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।”
এদিকে মাদারীপুর-৩ আসনের জনপ্রিয় এই সংসদ সদস্য গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কালকিনি, ডাসার ও সদরের একাংশের সর্বস্তরের সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।