জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় হলের শিক্ষার্থীরা আউটডোরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ আউটডোরে ঝুলন্ত অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। তবে নিহত যুবকের পরিচয় হলের শিক্ষার্থী বা স্থানীয় কেউ নিশ্চিত করতে পারেননি।

কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, "ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। উদ্ধার হওয়া যুবক আমাদের হলের আবাসিক শিক্ষার্থী নন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।"

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন