মোংলায় ৪ হাজার কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ণ
মোংলায় ৪ হাজার কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় অবতরণ করেন।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তিনি মোংলার উদ্দেশে যাত্রা করেন।

সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুটি কনটেইনার জেটি এবং এর আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য পরিবহনের গতি ও সার্বিক কার্যকারিতা বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সহযোগিতা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

মোংলার সরকারি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাগেরহাট ও খুলনায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআইএল/সকালবেলা