পচা-বাসি দই বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা
আতিক রহমান, বগুড়া: বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং তা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার অপরাধে ‘শেরপুর দই ঘর’ নামের একটি নামকরা দই বিপণন প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এবং জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে মহানগরের সাতমাথা খান্দার রোড এলাকায় অবস্থিত ‘শেরপুর দই ঘরে’ আকস্মিক অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি দই মজুত রাখা এবং তা বিক্রির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক অপরাধের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আনিসুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, "পচা ও বাসি দই বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের ক্ষতি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে এই আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন তারা এমন মানহীন খাদ্য বিক্রি না করে, সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।" তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলাজুড়ে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা