খুলনায় ডাকাতি মামলায় ৬ জনের ১০ বছরের কারাদণ্ড
সরদার সাইদী হাসান বাবু, খুলনা: খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় ছয় আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম আলোচিত এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে দু’জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতেই বিচারক এই রায় প্রদান করেন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পুলিশ সেজে মহাসড়ক ও বিভিন্ন স্থানে ডাকাতি করার অভিযোগে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে ছয়জনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের এই সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাটির আইনি নিষ্পত্তি হলো।
এআইএল/সকালবেলা
|