শেখ হাসিনা লুটপাট করে পালিয়েছে: এস এম জিলানী

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
শেখ হাসিনা লুটপাট করে পালিয়েছে: এস এম জিলানী

আরিফ হাজরা, কোটালীপাড়া: সাবেক শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

শনিবার (১ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখণ্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত এক সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, "বিগত সরকার লুটপাট চালিয়ে দেশ থেকে প্রায় ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সাবেক প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতির কথা স্বীকার করে বলেছিলেন—তার পিয়ন জাহাঙ্গীর নাকি ৪০০ কোটি টাকার মালিক এবং সে হেলিকপ্টারে চড়ে। একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশত কোটি টাকার মালিক হতে পারে, তবে তাদের অন্যান্য নেতাদের কী অবস্থা তা সহজেই অনুমেয়।"

তিনি আরও বলেন, "বর্তমান প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান নির্বাচনের পূর্বে দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু করেছেন। ইতোমধ্যে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব অঙ্গীকার পূরণ করা হবে।"

উপস্থিত সনাতন ধর্মীয় শ্রদ্ধালুদের উদ্দেশে এমপি জিলানী বলেন, "নির্বাচনের আগে কথা দিয়েছিলাম আপনাদের অধিকার নিয়ে সংসদে কথা বলব এবং আমি তা করেছি। যত দিন বেঁচে আছি, আপনাদের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব।"

পরবর্তীকালে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা ও হাজরাবাড়ি গ্রামের একাধিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার ও কাজী অমিত মাহমুদসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন