কটিয়াদীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল
মিজানুর রহমান, কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই অভ্যুত্থানের স্মরণে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় কটিয়াদী হাসপাতাল মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। দলটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিক্রম করে।
গণমিছিলে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির সাইদুল হক (বিএসসি), উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, সাবেক উপজেলা আমির অধ্যাপক আব্দুল খালেদ, আলী কাউছার রনি ও জুয়েলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের সমর্থনে নানা স্লোগান দেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অমূল্য মতামতের মর্যাদা দিতে গণভোটের রায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দেশের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এআইএল/সকালবেলা
|