শাকিব খানের নতুন সিনেমায় কি সাবিলা নূর? যা বললেন ‘বরবাদ’ প্রযোজক
অনলাইন ডেস্ক: গত বছর ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া ‘বরবাদ’ সিনেমার মধ্য দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিল শাকিব খান ও তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের জুটি। বেশ কিছুদিন বিরতির পর আবারও একই জুটির নতুন সিনেমা আসার খবরে সিনেমা পাড়ায় চলছে বেশ জল্পনা-কল্পনা।
তবে সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই নেটদুনিয়ায় মূল আলোচনার কেন্দ্রবিন্দু—কে হতে যাচ্ছেন শাকিবের পরবর্তী নায়িকা? সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের ধারণা, ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে আবারও দেখা যেতে পারে ঢালিউড কিংয়ের বিপরীতে। এর আগে শাকিবের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করায় অনুরাগী ও নেটিজেনরা সাবিলার নামই বেশি আলোচনায় আনছেন।
তবে এই আলোচনা ও গুঞ্জনকে একবাক্যে উড়িয়ে দিয়ে বিষয়টির ইতি টেনেছেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি। সাবিলা নূর প্রসঙ্গে তিনি পরিষ্কার ভাষায় জানান, “আমরা এখনও সাবিলার কথা একেবারেই ভাবিনি। নায়িকা কে হবেন তা নিয়ে আমাদের নিজস্ব আলাদা পরিকল্পনা রয়েছে। কিন্তু সাবিলা এই মুহূর্তে আমাদের ভাবনায় নেই। আগামী অক্টোবরে যে প্রজেক্টটির শুটিংয়ে আমরা নামতে যাচ্ছি, সেখানে সাবিলার থাকার কোনো সুযোগ নেই।”
একই প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, “আমাদের নতুন সিনেমার নায়িকা চরিত্রটি এখনও নিশ্চিত করা হয়নি। চিত্রনাট্য (স্ক্রিপ্ট) পুরোপুরি লক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। আমাদের মাথায় ভাবনা রয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলুক।”
সিনেমাটির নাম নিয়ে নেটপাড়ায় ‘নিঃস্ব’ কিংবা ‘হায়েনা’র মতো একাধিক নাম ছড়ালেও পরিচালক জানান, সময় হলেই অফিশিয়াল নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জানা গেছে, সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই বিগ বাজেটের সিনেমার শুটিং চলতি বছরের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে বড় পর্দায় দর্শকরা নতুন লুকে দেখতে পাবেন শাকিব খানকে।
|