দীঘিনালায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
রুপম চাকমা (দীঘিনালা, খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।
রোববার (২ আগস্ট) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি বন্যাকবলিত এলাকায় ট্রাস্টের উদ্যোগে চাল, ডাল, আলু, তেল ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, "বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।" একই সঙ্গে দলীয় নীতি তুলে ধরে তিনি সতর্ক বার্তা দেন যে, মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো বিএনপি কর্মী জড়িত থাকলে দল তাঁকে কখনো ক্ষমা করবে না। এ সময় তিনি মাদক কারবারীদের তালিকা প্রকাশেরও কথা উল্লেখ করেন।
ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ট্রাস্টের প্রতিনিধিরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে এবং যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|