কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
তিমির বনিক (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে রাত সোয়া ৮টার দিকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উত্তর হিজলী গ্রামের কামাল হোসেনকে (৩৫) ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে সোয়া ৯টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ আমানীপুর গ্রামের মাহমুদ আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা রাখার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কুলাউড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করে রোববার (২ আগস্ট) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা
|