ফেনীতে হত্যা-ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
ফেনীতে হত্যা-ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

এম. জহিরুল হক মিলন (ফেনী): কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুদ ওরফে মাসুমকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 
শনিবার (১ আগস্ট) ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম মাসুম ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
র‍্যাব সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৬ মে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের হওয়া একটি হত্যা ও ডাকাতি মামলায় (মামলা নম্বর: ২৩) আদালত আসামি শহীদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিজ্ঞ আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে ফেনীর সোনাগাজী থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা

মন্তব্য করুন