পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে পীরগাছা থানা পুলিশ। ইতোমধ্যেই মাদক ব্যবসায়ী, বিক্রেতা ও সেবনকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা ধরে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে এ অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রথম দিনের অভিযানে উপজেলার কান্দি ইউনিয়নের চিহ্নিত একাধিক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই গোলাম মোস্তফাসহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। চিহ্নিতদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।"

পুলিশ প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এসব ব্যাধি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন