নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানাকে জরিমানা

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানাকে জরিমানা

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় নকল ও লাইসেন্সবিহীন টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার, রাসায়নিক দ্রব্য ও উৎপাদন সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে অবৈধভাবে 'Damfik' ব্র্যান্ডের নকল টাইলস ক্লিনার উৎপাদন ও বিক্রয়ের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. আমিরুল ইসলামকে (৩৭) ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।

অভিযানকালে কারখানাটি থেকে ৩৯৬ বোতল প্রস্তুতকৃত নকল 'Damfik' টাইলস ক্লিনার এবং ১৩টি জারকিনে সংরক্ষিত প্রায় ৫০০ লিটার ক্ষতিকারক হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL) জব্দ করা হয়। এ ছাড়া নকল পণ্য তৈরিতে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে নলডাঙ্গা থানা-পুলিশের একটি প্রতিনিধি দল সহায়তা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাস্বার্থ সুনিশ্চিত করতে ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন