কলাপাড়ায় মেগা প্রকল্পের গবেষণার ফল প্রকাশ

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ
কলাপাড়ায় মেগা প্রকল্পের গবেষণার ফল প্রকাশ

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'প্রান্তজন'-এর আয়োজনে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে দুই বছর ধরে চালানো এক গণগবেষণায় এ ভয়াবহ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই গণগবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, অ্যাকশনএইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

গবেষণার তথ্যমতে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের কারিগরি সহযোগিতায় ২০ জন স্থানীয় বাসিন্দাকে প্রশিক্ষণ দিয়ে ধানখালী এলাকায় এ গণগবেষণা চালানো হয়। অপরিকল্পিত তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে স্থানীয় মানুষের আর্থিক অসচ্ছলতা বৃদ্ধি, চিরায়ত পেশা বিলুপ্তি, তীব্র সুপেয় পানির সংকট, বায়ু দূষণ, পরিবেশের ভারসাম্যহীনতা, কৃষি ও মৎস্য খাতে ধস, রোগব্যাধির বিস্তার এবং নারীদের সামাজিক-অর্থনৈতিক জীবনের ওপর বহুমাত্রিক নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

পরিস্থিতি উত্তরণে গবেষক দল বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার রোধ, বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা সুনিশ্চিত করতে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেন।

অনুষ্ঠান শেষে গণগবেষণায় সক্রিয় অংশগ্রহণের জন্য স্থানীয় মাঠসংগ্রাহকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন