কুষ্টিয়ায় সাপের কামড়ে একজনের মৃত্যু
কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের খোর্দ আইলচারা গ্রামে বিষধর সাপের কামড়ে আমিরুল ইসলাম আতা (৪৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আমিরুল ইসলাম খোর্দ আইলচারা গ্রামের পশ্চিম পাড়ার মো. মতলেব বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে নিজ বাড়িতে ঘুমানো অবস্থায় আমিরুল ইসলামকে সাপে কামড় দেয়। তবে সাপে কাটার পরপরই তাঁকে হাসপাতালে না নিয়ে কুসংস্কারবশত এক গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং রাতভর ঝাড়ফুঁক করানো হয়। এতে দীর্ঘ সময় অপচয় হওয়ার পর রোগীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরবর্তীতে ভোরের দিকে তাঁকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে সকালে তিনি মারা যান।
নিহতের পরিবার ও সচেতন মহল আক্ষেপ প্রকাশ করে জানান, প্রাথমিক অবস্থায় ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট না করে শুরুতেই হাসপাতালে নিয়ে সঠিক সময়ে অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হলে হয়তো আমিরুলকে বাঁচানো যেত।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ইকবাল হাসান সাপের কামড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা
|