শেরপুরে ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩
তিমির বনিক, মৌলভীবাজার: সিলেট থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও দুটি ডিআই পিকআপ ভ্যানসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শেরপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সকাল সোয়া ১১টায় শেরপুর চত্বর এলাকায় প্রথম অভিযান চালায় পুলিশ। একটি নম্বরবিহীন ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমুল বাটার, ডেইরি মিল্ক, কাভেরী মেহেদী ও অরিও বিস্কুট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৪ হাজার ৬১০ টাকা। এ ঘটনায় সিলেটের গোয়াইনঘাটের আমিন মিয়া (২৯) ও জৈন্তাপুরের আব্দুল জব্বারকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই একই স্থানে পৃথক দ্বিতীয় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে 'চট্টগ্রাম মেট্রো-১১-৪৬৬৭' নম্বরের একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩ লাখ ১৪ হাজার ৭০০ টাকা মূল্যের আমুল বাটার, ফেইসওয়াশ, পন্ডস ক্রিম ও মেহেদী উদ্ধার করা হয়।
এ সময় গোয়াইনঘাটের ইয়ামিন খাঁন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা গেলেও মালামালের মূল মালিক মালেক (৩৫) কৌশলে পালিয়ে যায়।
উভয় অভিযানে জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৩১০ টাকা। এ বিষয়ে শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|