ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নিজের ছেলেকে থানা পুলিশের হেফাজতে দিতে সহায়তা করে আইনের প্রতি সম্মান দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা।

উপজেলার শ্যামকুড় গ্রামের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম শান্ত ইসলাম (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শান্ত ইসলাম প্রতিবেশী ৬ বছরের এক শিশুকন্যাকে ফুসলিয়ে শ্যামকুড় উত্তর পাড়া যমযমিয়া দাখিল মাদ্রাসার পাশে সেচ পাম্পের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শান্ত গা ঢাকা দেয়। তবে ঘটনাটি জানতে পেরে অভিযুক্তের বাবা রফিকুল ইসলাম নিজেই ছেলেকে খুঁজে এনে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন।

এদিকে ঘটনাটির নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না তা নিয়েও এলাকায় গুঞ্জন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী জানান, শান্ত শিশুটির হাত ধরে টানাটানি করার সময়ই তারা সেখানে গিয়ে তাকে ধরে ফেলেন এবং শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে রফিকুল ইসলাম নিজেই তাঁর ছেলেকে এনে পুলিশের কাছে সোপর্দ করতে সহযোগিতা করেন।

অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবরপুর সার্কেল) ইমদাদুল হক জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিস্তারিত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন