বাগেরহাটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের হাত-পা বাঁধা ও আঘাতপ্রাপ্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ পায়।
নিহতরা হলেন—ওই গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৫৫), তাঁদের ছেলে আহাদ হাওলাদার (২২) এবং মনিরা বেগমের বৃদ্ধা মা রাশিদা বেগম (৮৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন নারী ঘরের বারান্দায় বৃদ্ধা রাশিদা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের ডাকেন। পরবর্তীতে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে অন্য একটি কক্ষে মনিরা বেগম ও তাঁর ছেলে আহাদের লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
কচুয়া থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতদের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নির্জন বাড়িতে অন্য কেউ না থাকায় বিষয়টিতে এত দিন প্রতিবেশীদের নজর পড়েনি।
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘাতকদের শনাক্ত করতে পিবিআই ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|