প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, সাথে থাকবেন সাকিব আল হাসান

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, সাথে থাকবেন সাকিব আল হাসান
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় হলো, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই বিশেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে তাঁর সাথে যুক্ত থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

আগামী ৫ আগস্ট (বুধবার) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি) আয়োজিত একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য প্রদান করবেন। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক দুই বছর পূর্তির দিনটিকে কেন্দ্র করেই মূলত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আয়োজক সংস্থা এফসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, এই প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি অংশ নেবেন তাঁর ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মাহাম্মদ আলী সিদ্দিক এবং সংস্থাটির যুক্তরাষ্ট্র শাখার পরিচালক শাহ মো. বখতিয়ার।

এছাড়া প্যানেলে আরও থাকবেন সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ এবং রাজনীতি ও সন্ত্রাসবাদ বিষয়ক বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন। পুরো ইভেন্টটি সঞ্চালনা করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।

রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে সাকিব আল হাসানের অংশগ্রহণকে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তাঁর সংসদ সদস্য পদও বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিক বিষয়ে তাঁকে প্রকাশ্যে খুব কমই সরব হতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্যানেলে তাঁর উপস্থিতির খবর দেশীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় প্রখ্যাত সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানা যায়, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা শেখ হাসিনা ও প্যানেলের অন্য সদস্যদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা ও পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে।

এফসিসির সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একই সাথে তিনি নিশ্চিত করেন, অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের আপত্তি বা বাধা প্রদান করা হয়নি।

মন্তব্য করুন