গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
সাঈদ পান্থ, বরিশাল: সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এস এম জুলফিকার। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামি সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরাসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মাদক বিক্রি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহু অভিযোগ রয়েছে। অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদারসহ সব এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে হবে।
ঘোষিত পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, বুধবার থানার সামনে সমাবেশ, বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান এবং শুক্রবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কোপানোর সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় কতিপয় যুবদলকর্মী ও ছাত্রদল আহ্বায়কের নেতৃত্বে সাংবাদিক এস এম জুলফিকারকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়।
এআইএল/সকালবেলা
|