গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম: সমাজকল্যাণ মন্ত্রী
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: জুলাই গণ অভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সকল মজলুমের ন্যায়সঙ্গত সংগ্রাম। এ আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়বিচার, গণমানুষের অধিকার, মানবিক মূল্যবোধ এবং একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সেই চেতনাকে ধারণ করে দেশের সকল নাগরিককে বিভেদ-সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত “রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন।
দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় সভায় বিশেষ আলোচনা পেশ করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। স্বাগত বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সভায় বক্তব্য দেন দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পারস্পরিক বিরোধ ও হিংসার রাজনীতি অব্যাহত থাকলে ফ্যাসিবাদী প্রবণতা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাই জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় শক্তির মধ্যে ঐক্য ও সহমতের পরিবেশ সৃষ্টি করা জরুরি।
তারা আরও দাবি জানান, জুলাই আন্দোলনের শহীদদের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় মূল্যায়ন, আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং কল্যাণরাষ্ট্র গঠনে 'জুলাই সনদ' দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ ইউসুফী বলেন, "আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষায় যেকোনো আধিপত্যবাদের বিরোধী। আমরা বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে বাংলাদেশের বন্ধু হিসেবে দেখতে চাই, প্রভু হিসেবে নয়।"
এআইএল/সকালবেলা
|