গজারিয়ায় এক শিক্ষকের কাঁধে ৫৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৫ নম্বর ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট দেখা দিয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৪ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় অভিভাবকদের কাছ থেকে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম অবসরজনিত ছুটিতে যান। এর পর থেকে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য এক সহকারী শিক্ষক মো. রুবেল মিয়া ডিপিএড বা সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য ১০ মাসের ডেপুটেশনে রয়েছেন। ফলে পুরো বিদ্যালয় সামলানোর গুরুদায়িত্ব একাই বইতে হচ্ছে শিক্ষক সাইফুল ইসলামকে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, একাই একই সাথে শ্রেণিকক্ষে পাঠদান ও অফিসের প্রশাসনিক দায়ভার সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এর আগে অস্থায়ীভাবে প্রেষণে দুজন শিক্ষককে ছয় মাসের জন্য ডেপুটেশন দেওয়া হলেও মেয়াদ শেষ হওয়ায় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব আলম খান উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষক স্বল্পতার কারণে শিশুদের মৌলিক শিক্ষা গভীরভাবে ব্যাহত হচ্ছে। বারবার প্রশাসনের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।
১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি নদীভাঙনের শিকার হলে ২০০৯-১০ অর্থবছরে আড়াই তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। তবে অবকাঠামোগত সুবিধা ও পর্যাপ্ত শিক্ষার্থী থাকা সত্ত্বেও তীব্র শিক্ষক সংকটে চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
এআইএল/সকালবেলা
|