আমার ট্যালেন্ট আছে, ওদের নেই: গলফে শিরোপা জিতে ট্রাম্পের কটাক্ষ
মাঠের খেলা হোক কিংবা রাজনৈতিক মঞ্চ—আলোচনা ও সংবাদের শিরোনামে কীভাবে থাকতে হয় তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালো আর কেইবা জানেন! গলফ কোর্সে আরও একটি ট্রফি উঁচিয়ে ধরার পর ট্রাম্পের কণ্ঠে কেবল আত্মবিশ্বাসই নয়, ঝরে পড়ল তাঁর পরিচিত ভঙ্গির চড়া সুর ও রসিকতা। প্রতিযোগীদের উদ্দেশ্যে হাসতে হাসতেই তিনি ছুঁড়ে দিলেন তীর্যক মন্তব্য— ‘এটার নাম ট্যালেন্ট। আমার আছে, ওদের নেই!’
গত রবিবার (২ আগস্ট) নিউ জার্সির বেডমিনস্টারে নিজের মালিকানাধীন ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব’-এ সিনিয়র ও সুপার সিনিয়র, উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, পারের চেয়ে দুই শট কম খেলে ৭০ স্কোর করে এই শিরোপা জিতেছেন তিনি।
ট্রুথ সোশ্যালের সেই পোস্টে স্বকীয় ভঙ্গিতে ট্রাম্প লেখেন, “আমি ৭০ স্কোর করে টুর্নামেন্ট জিতেছি। সবচেয়ে বড় কথা হলো, অন্যদের মতো অনুশীলনের জন্য আমার খুব একটা সময় থাকে না। কারণ আমাকে বিশ্ব পরিচালনা ও দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে হয়। এটাকে বলে আসল ট্যালেন্ট—যেটা আমার আছে, ওদের নেই!”
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে দুটি অনুশীলনী সুইং করে বলটিকে সোজা গ্রিনে পাঠাচ্ছেন ট্রাম্প। অন্য একটি ভিডিওতে তাঁকে ট্রফি হাতে সমর্থকদের অভিবাদনের জবাব দিতেও দেখা যায়। টুর্নামেন্ট কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এটি ট্রাম্পের ক্যারিয়ারের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।
উল্লেখ্য, বেডমিনস্টারের এই বিশেষ প্রতিযোগিতায় সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সীরা সিনিয়র বিভাগে এবং ৬৫ বছরের বেশি বয়সীরা সুপার সিনিয়র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। ৮০ বছর বয়সী ট্রাম্প এর আগে ২০২৩ সালেও দুই বিভাগেই জোড়া শিরোপা জিতেছিলেন।
অবশ্য গলফ কোর্সে ট্রাম্পের অর্জনের পাশাপাশি বিতর্কও নতুন নয়। গত কয়েক বছরে বিভিন্ন সংবাদমাধ্যম ও ক্রীড়া লেখকরা তাঁর বিরুদ্ধে খেলায় অসাধু সুবিধা নেওয়ার অভিযোগ এনেছেন। ক্রীড়া লেখক রিক রাইলি তাঁকে নিয়ে ‘কমান্ডার ইন চিট’ নামের একটি বহুল আলোচিত বইও লিখেছেন। তবে ট্রাম্প সবসময়ই এসব অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে নিজের খেলোয়াড়ী দক্ষতাকে সবার ওপরে রেখে আসছেন।
|