ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
রাজধানী ঢাকার চারপাশের সার্কুলার নৌপথসমূহ পুনরায় সচল করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি আগ্রহী বেসরকারি বিভিন্ন কোম্পানির প্রস্তাবনা বিবেচনা করে এসব অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্যিক ভিত্তিতে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
নৌপথ সচল ও ওয়াটার বাস চালুর পাশাপাশি ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ কীভাবে কার্যকরভাবে রোধ করা যায়, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার আধুনিক উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার কৌশল নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীর সৌন্দর্য ও সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে নদীর চারপাশে ইতোমধ্যে নির্মিত ও প্রস্তাবিত ওয়াকওয়ের পাশে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম; এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
|