মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

রাসেল শেখ (মুকসুদপুর, গোপালগঞ্জ): "জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

উপজেলা মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে ডা. রায়হান ইসলাম শোভন নবজাতকের জন্য মায়ের দুধের অপরিহার্যতা তুলে ধরে বলেন, "শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো হলে তার মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কমে যায়। এছাড়া ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ালে শিশুমৃত্যুর হার আরও ১৩ শতাংশ কমানো সম্ভব।" তিনি শালদুধকে শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে উল্লেখ করে এর গুরুত্ব নিয়ে গণসচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন