হবিগঞ্জে সাংবাদিকের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ
মোঃ ইউসুফ (হবিগঞ্জ): হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের প্রতিবাদ ও অভিযোগ করায় এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০ লাখ টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ভয়েচ অব হবিগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মো. আলফু মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুরে মো. রুহুল আমীন জিলু, লিমন, সুজাত ও ছুরতসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলফু মিয়ার দোকানে হামলা চালান। এ সময় তাকে দোকানে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ক্যাশে থাকা নগদ ১০ লাখ টাকা লুট করে নেওয়া হয়। হামলায় দোকানে থাকা তার ভাতিজা আহত হন এবং ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোনও কেড়ে নেয় হামলাকারীরা।
ভুক্তভোগী মো. আলফু মিয়ার দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে জৈব সার উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি নিয়ে তিনি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিনিয়ত তাকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|