ভালুকায় জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণের উদ্যোগ

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
ভালুকায় জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণের উদ্যোগ

মোঃ জাকির হোসাইন রাজু (ভালুকা, ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে জনগুরুত্বপূর্ণ নতুন সড়কের তালিকা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে উপজেলার সর্বসাধারণের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গণপ্রস্তাব আহ্বান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজ 'ইউএনও ভালুকা' থেকে শনিবার (১ আগস্ট) সকালে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানানো হয়। আগামী ৫ আগস্ট পর্যন্ত ওই পোস্টের মন্তব্যের ঘরে এলাকার প্রয়োজনীয় সড়কের তথ্য জমা দেওয়া যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিস্বার্থ বা সীমিত পরিবারের ব্যবহারের রাস্তা এবং পূর্বে সংস্কারকৃত রাস্তা এতে বিবেচনা করা হবে না। সংযোগকারী, দীর্ঘ ও ন্যূনতম দুটি যানবাহন চলাচলের উপযোগী প্রশস্ত নতুন কাঁচা সড়ক অগ্রাধিকার পাবে। প্রস্তাব জমা দেওয়ার জন্য ইউনিয়ন, সূচনার স্থান, দৈর্ঘ্য, প্রস্থ ও সম্ভাব্য ব্যয়ের নমুনা ছক উল্লেখ করে দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন জানান, সার্বিক উন্নয়নে জনমতকে গুরুত্ব দিতেই এ উদ্যোগ। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক তালিকাভুক্ত করা হবে এবং সরকারি বরাদ্দ অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন