নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা
মোঃ শরীফ উদ্দিন (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন ধরমণ্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভীন আক্তারের দুই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার সকালে মাদকের টাকার জন্য দুই ভাই বেপরোয়া হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে মা প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়েছে।
এর আগে গত ৩১ জুলাই আতিকুড়া গ্রামে একইভাবে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পর পর এসব ঘটনা সমাজে মাদকের ভয়াবহতার চিত্র ফুটিয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা।
এআইএল/সকালবেলা
|