গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ
মোঃ ওয়াজেদ আলী (গোবিন্দগঞ্জ): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারগুলোর নানাবিধ অনিয়ম ও চরম অব্যবস্থাপনা দেখে চরম অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।
রোববার (২ আগস্ট) দুপুরে সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন এক বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসায় ডাক্তার-নার্সদের গাফিলতি ও বেহাল দশার চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করেন মন্ত্রী। পরিদর্শনের পর পর তিনি হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "জনবল সংকট দূর করতে সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়েছে, যা সততার সঙ্গে কাজে লাগানো হবে। উত্তরাঞ্চলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গোবিন্দগঞ্জে দ্রুত আইসিইউ চালু, কেবিন সংকট নিরসন এবং পর্যাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা হবে।"
মন্ত্রীর এই আকস্মিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে গোবিন্দগঞ্জের সাধারণ মানুষ তাঁর ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদার রহমান আকন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|