যেখানেই ফাঁকা জায়গা থাকবে খেলার মাঠ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
যেখানেই ফাঁকা জায়গা থাকবে খেলার মাঠ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাফর ইকবাল (শিবগঞ্জ, বগুড়া): জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বগুড়ার মোকামতলায় অনুষ্ঠিত 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ খেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলায় শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "জুলাইয়ের শহীদরা দেশের ভবিষ্যতের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের স্মৃতি তরুণদের মাঝে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করবে।" এ সময় তিনি আরও জানান, চলতি অর্থবছরে দেশে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে, যার মধ্যে একটি বগুড়ায় হবে। পাশাপাশি যেখানেই ফাঁকা জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ গড়ে তোলা হবে।

উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার গ্রামবাংলার প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দ্বিতীয় দিনের খেলায় নির্ধারিত সময়ে শিবগঞ্জ ও মোকামতলা একাদশ ৪-৪ গোলে ড্র হলে, ট্রাইবেকারে শিবগঞ্জ উপজেলা একাদশ জয়লাভ করে। আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন