দিনাজপুরে তৌহিদী জনতার কালেমার পতাকা র্যালি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ইসলামের সাম্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং কালেমার পতাকাতলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার আহ্বানে তৌহিদী জনতার ব্যানারে একটি বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বিকেলে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহরটি শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, ইসলামের শ্বাশত সৌন্দর্য, শান্তি ও বিজয়ের বার্তা সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। র্যালিতে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পবিত্র কালেমা খচিত বিভিন্ন রঙের পতাকা শোভা পাচ্ছিল। এ সময় তারা ইসলামের জয়গান ও শান্তির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এই মোটরসাইকেল র্যালিতে অংশ নিতে দুপুর থেকেই দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকা থেকে সর্বস্তরের তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ যুবকেরা তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে এসে জড়ো হতে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র্যালিটি সম্পন্ন হয়।
এআইএল/সকালবেলা
|