পানিতে ডুবে মাদরাসা ছাত্রের করুণ মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
পানিতে ডুবে মাদরাসা ছাত্রের করুণ মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে রামিম (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়া এলাকার মহাসিন হাজির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আলিমুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবারটি বর্তমানে গাংনী পৌরসভার সবজি আড়ত পাড়ায় বসবাস করছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে রামিম ও তার বন্ধু সিয়াম ওই এলাকার মহসিন হাজির পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে পাড়ে থাকা বাঁশের তৈরি একটি চাটাইয়ের ওপর দাঁড়ালে রামিম হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা বন্ধু সিয়াম দৌড়ে গিয়ে রামিমের পরিবারকে খবর দেয়। সংবাদ পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে রামিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসমেরী খাইরুন নাহার জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত ফুসফুসে অতিরিক্ত পানি ঢোকার কারণেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন