রায়পুরায় শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
রায়পুরায় শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর তাসকিয়া আক্তার নামের সাত বছরের এক শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বালুয়াকান্দির চরের একটি নির্জন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসকিয়া রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু তাসকিয়া। এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের তিন দিন পর আজ সোমবার সকালে বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নিখোঁজ তাসকিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান সাংবাদিকদের বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পেছনে কী রহস্য রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন