নিখোঁজদের ছবিতে ঢেকে যাচ্ছে কারাকাসের হাসপাতালের দেয়াল
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মিগুয়েল পেরেজ কারেনো হাসপাতালের বাইরের দেয়ালজুড়ে এখন কেবলই নিখোঁজ মানুষের ছবি। দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায়, স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে নিজেদের প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন। আজ সোমবার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রতি ঘণ্টায় নতুন নতুন মানুষ নিখোঁজ স্বজনদের ছবি ও বিবরণ সংবলিত লিফলেট নিয়ে এসে হাসপাতালের দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছেন। নিখোঁজদের এই তালিকায় দেশটির উপকূলীয় এলাকা লা গুয়াইরার বহু বাসিন্দাও রয়েছেন, যা ওই অঞ্চলের ক্ষয়ক্ষতির ভয়াবহতা নির্দেশ করছে।
ভূমিকম্পের হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ইয়েরিঙ্কের বারমুদেজ নামের এক ব্যক্তি জানান, তিনি যখন নিজের আবাসিক ভবনে প্রবেশ করছিলেন, ঠিক তখনই সেটি ধসে পড়ে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় লাঠির সাহায্যে চলাফেরা করা বারমুদেজ এখন ওই ভবনে বসবাসকারী তাঁর নিখোঁজ বন্ধুদের খুঁজছেন।
উদ্ধার তৎপরতায় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “পুলিশ বা সরকার আমাদের কোনো উল্লেখযোগ্য সহায়তা করেনি। প্রতিবেশী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে আমরা নিজেরাই ধ্বংসস্তূপ থেকে জীবিত ও নিহতদের বের করেছি। কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই প্রায় খালি হাতে ধ্বংসস্তূপ খুঁড়ে আমাদের উদ্ধারকাজ চালাতে হয়েছে।”
হাসপাতালের বাইরে এ সময় অসংখ্য মানুষকে চিকিৎসাধীন রোগীদের তালিকায় পরিচিত কোনো নাম খুঁজে পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে হাসপাতালের ভেতরেও চিকিৎসা পরিস্থিতি ছিল অত্যন্ত চাপের। হাসপাতালের চিকিৎসক ডা. সান্তিয়াগো কাসানোভা বলেন, প্রথম কয়েক দিন আহতদের সামলাতে চিকিৎসকদের অত্যন্ত কঠিন সময় পার করতে হয়েছে। তবে এখন আহতের সংখ্যা কিছুটা কমে আসায় ভেতরের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল।
তবে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, হাসপাতালে নতুন আহত রোগী কমে যাওয়ার কারণটি মোটেও ইতিবাচক নয়। সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা তত কমে যাচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা তৈরি হচ্ছে।
|