আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারির দণ্ড
মো: মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের নির্দেশে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।
আটোয়ারী থানা-পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল পুরাতন আটোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলীকে (২৫) ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জিরো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|