বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল খাওয়ার মধ্য দিয়ে আলবিসেলেস্তারা ফুটবলের এক অদ্ভুত পরিসংখ্যান বা ‘অভিশাপ’ থেকে মুক্তি পেল।

বিশ্বকাপ ফুটবলের দীর্ঘ ইতিহাসে একটি অদ্ভুত তথ্য প্রচলিত আছে—গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে শেষ করা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল একমাত্র দল যারা কোনো গোল হজম করেনি। এমনকি প্রতিপক্ষকে গোল করার মতো পরিষ্কার সুযোগও তারা দেয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্থের ৫৫ মিনিটে জর্ডানের ফরোয়ার্ড মুসা আল-তামারি গোল করে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায়, জর্ডানের গোলটিই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হজম করা প্রথম গোল। পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপ পর্বে গোল হজম করার ফলে আর্জেন্টিনা এখন সেই ‘অভিশাপ’ বা পরিসংখ্যানগত বাধা কাটিয়ে শিরোপার পথে অনেকটা পথ এগিয়ে গেল।

আর্জেন্টিনাকে ঘিরে আরও একটি কুসংস্কার রয়েছে—ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে কোনো দেশ কখনো বিশ্বকাপ জিততে পারেনি। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা সেই বাধা জয় করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সকে নিয়ে রয়েছে অন্য এক বিতর্ক। বিশ্বকাপের বছরে বর্তমান ব্যালন ডি’অর জয়ী (উসমান দেম্বেলে) কোনো ফুটবলারের দল আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি।

সব মিলিয়ে, পরিসংখ্যানের এই গোলকধাঁধায় আর্জেন্টিনা নিজেদের মাঠের পারফরম্যান্সে কতটা অটল থাকতে পারে, তা এখন নকআউট পর্বে প্রমাণিত হবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন