ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু
স্পোর্টস ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্পে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবলেও। দেশটির ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী এবং দুই সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন।
লুকাস ত্রেহো ভেনেজুয়েলার ক্লাব ‘স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরা’-এর হয়ে খেলেন। ভূমিকম্পের সময় তিনি দলের সঙ্গে রাজধানী কারাকাসে ছিলেন। দেশটির উত্তর উপকূলীয় এলাকায় ৭.২ ও ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লা গুয়াইরার প্লায়া গ্রান্দেতে অবস্থিত তার অ্যাপার্টমেন্টটি পুরোপুরি ধসে পড়ে।
খবর পেয়ে দ্রুত দুর্গত এলাকায় ছুটে যান ত্রেহো। টানা ৭৪ ঘণ্টা উদ্ধারকর্মীদের সঙ্গে তিনি নিজেও স্ত্রী ও সন্তানদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি চালান। এই সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকেই তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার নিথর দেহ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আমেরিকার ফুটবল মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ত্রেহোর দুঃসময়ে তার পাশে দাঁড়াতে আর্জেন্টিনা থেকে তার বাবা ও ভাইও ভেনেজুয়েলায় ছুটে এসেছিলেন।
জান্নাত সকালবেলা
|