ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বুধবার রাতে ৩-০ ব্যবধানের এই জয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করেন এবং অন্য গোলটি আসে মাথেউস কুনিয়ার পা থেকে।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। মাত্র সপ্তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে দলকে লিড এনে দেন। স্কটল্যান্ড ডিফেন্ডার ম্যাককেনার একটি ভুলকে কাজে লাগিয়ে দারুণ স্থিরতায় গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান এই তারকা উইঙ্গার। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনি। পেছনের পোস্টে ভেসে আসা একটি নিখুঁত ক্রসে হেডের মাধ্যমে ব্যবধান ২-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে মাথেউস কুনিয়ার গোলে ব্রাজিলের জয়ের ব্যবধান আরও বাড়ে। মিডফিল্ডার ব্রুনো গিমারাইসের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাসে জোরালো শটে স্কটল্যান্ডের জালে তৃতীয় গোলটি জড়ান কুনিয়া। ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র শুরুর একাদশে না থাকলেও, দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তি তাকে মাঠে নামান।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শেষ ষোলোর পথে ব্রাজিল এখন গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে। বর্তমান সমীকরণ অনুযায়ী, জাপানের বিপক্ষে ব্রাজিলের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপর ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে মরক্কোও শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। স্কটল্যান্ড পরাজয় বরণ করলেও তৃতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।
জান্নাত সকালবেলা
|