মেসির বিশ্বরেকর্ডে জর্ডানকে হারাল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নতুন বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত এই জয়ে ‘জে’ গ্রুপ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে রেকর্ডটি ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়াজিনহোর সাথে যৌথভাবে দখলে ছিল। এবারের বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল এবং গোল্ডেন বুটের দৌড়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই গোল এগিয়ে রয়েছেন।
ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। বিরতির পর ৫৫তম মিনিটে জর্ডানের মুসা আল-তামারি একটি গোল শোধ করলেও, ৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান ৩-১ করেন বদলি হিসেবে নামা মেসি।
অস্ট্রিয়ার বিপক্ষে জেতা ম্যাচের একাদশ থেকে ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ লিওনেল স্কালোনি। শুধুমাত্র গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং স্ট্রাইকার লাউতারো মার্তিনেস নিজেদের জায়গা ধরে রেখেছিলেন। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান হুলিয়ান আলভারেস, আর মেসিকে রাখা হয়েছিল বেঞ্চে।
অন্যদিকে, নিজেদের প্রথম বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলতে না পারলেও তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছে জর্ডান। এই হারের মধ্য দিয়ে আসর থেকে বিদায় নিল তারা।
জান্নাত সকালবেলা
|