মাঠে ফিরছেন নেইমার, খেলবেন কতক্ষণ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন দলের মূল তারকা নেইমার জুনিয়র। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেও চোটের কারণে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তাকে মাঠে দেখা যায়নি।
নেইমারের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানান, তিনি এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। গত পুরো সপ্তাহজুড়ে সে কঠোর অনুশীলন করেছে। তার অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের দলের জন্য বড় শক্তি।”
নেইমারের খেলার সময়সীমা নিয়ে কৌতুহলী সাংবাদিকদের প্রশ্নে কোচ কিছুটা হাস্যরস করে উত্তর দেন। আনচেলত্তি বলেন, “সে ৯০ মিনিট খেলতে পারবে, তবে হেঁটে হেঁটে! তবে সিরিয়াসলি বলতে গেলে, সে ভালো অবস্থায় আছে এবং অনুশীলনে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।”
মরক্কোর সঙ্গে ড্র এবং হাইতির বিপক্ষে বড় জয়ের পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য নকআউট পর্বে যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করবে। ইনজুরির মধ্যেও নেইমার যে তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা দিয়ে ড্রেসিংরুমে সক্রিয় ভূমিকা রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন কোচ। এখন দেখার বিষয়, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে নেইমার তার জাদু কতটা দেখাতে পারেন।
জান্নাত সকালবেলা
|