কার্লোসের ইসলাম গ্রহণে কাবা শরিফের ইমামের অভিনন্দন

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
কার্লোসের ইসলাম গ্রহণে কাবা শরিফের ইমামের অভিনন্দন

অনলাইন ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাবা শরিফের (মসজিদুল হারাম) অন্যতম ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ দোসারি রবার্তো কার্লোসকে উদ্দেশ করে লেখেন, ‘রহমতের ধর্মে আপনাকে স্বাগতম।’

ব্রাজিলিয়ান এই ফুটবল তারকার জন্য মহান আল্লাহর দরবারে হেদায়েত ও স্থায়িত্ব প্রার্থনা করে তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাঁকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন, তাঁর অন্তরকে হেদায়েত দান করুন, তাঁর ইসলাম গ্রহণকে বরকতময় করুন এবং তাঁকে সত্যের ওপর দৃঢ় অনুসারীদের অন্তর্ভুক্ত করুন।’

এর আগে মঙ্গলবার সর্বপ্রথম রবার্তো কার্লোসের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। সম্প্রতি ব্রাজিল সফরকালে দেশটির মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে ব্রাজিলিয়ান ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন তিনি। শায়খ হাম্মাদের সূত্র ধরে জানা যায়, প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন কার্লোস।

খবরটি তুর্কি সংবাদমাধ্যম এবং পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলবিষয়ক পোর্টাল ‘গোল ডটকম’-এ প্রকাশিত হয়। তবে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, রবার্তো কার্লোস নিজে এখনও প্রকাশ্যে তাঁর ধর্মান্তরিত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

উল্লেখ্য, মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিবাহের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। মুসলিম বিশ্বের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের; তিনি ২০০৭ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচে এবং ২০১১ সালে রাশিয়ার দাগেস্তানের ক্লাব আনজি মাখাচকালায় খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি তুরস্কের একাধিক ক্লাবে কোচের দায়িত্বও পালন করেছেন।

১৯৭৩ সালে জন্মগ্রহণকারী এই ডিফেন্ডারকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লেফট-ব্যাক বিবেচনা করা হয়। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে তিনি তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। এ ছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০২ সালে ফিফা বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রবার্তো কার্লোস।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন