পর্তুগালের দুর্দান্ত জয়ে বিশ্বকাপকে যে বার্তা দিলেন রোনালদো

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
পর্তুগালের দুর্দান্ত জয়ে বিশ্বকাপকে যে বার্তা দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডদের পর এবার বিশ্বকাপের মঞ্চে নিজেদের ছাপ রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পর্তুগাল। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং রোনালদো।

এই ম্যাচটি রোনালদোর জন্য ছিল স্মরণীয়। চলতি আসরে আগের ম্যাচে গোল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে তিনি এই ম্যাচে জোড়া গোল করেছেন। এই দুই গোলের মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন।

ম্যাচ শেষে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রোনালদো লিখেছেন, ‘আমরা এখানে আছি!’ ফুটবল বিশ্লেষকদের মতে, রোনালদোর এই বার্তাটি কেবল তার দলের জয়ের উদযাপন নয়, বরং টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা।

প্রথম ম্যাচে গণতান্ত্রিক কঙ্গোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল পর্তুগাল। এই বিশাল জয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার। এরপরই শুরু হবে নকআউট পর্ব, যেখানে রোনালদোর হাত ধরে আরও নতুন ইতিহাসের অপেক্ষায় পর্তুগিজ সমর্থকরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন