ড. আবুল বারকাতের ফ্ল্যাট ও গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
ড. আবুল বারকাতের ফ্ল্যাট ও গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২৯ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে নিয়োজিত ২ লাখ ৫০ হাজার টাকা এবং রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে অবস্থিত দুটি পৃথক ফ্ল্যাট। এছাড়া ২৯ লাখ টাকা মূল্যের একটি ব্যক্তিগত কার এবং তাঁর ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করার সিদ্ধান্ত দেওয়া হয়।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এ আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ড. আবুল বারকাতের বিরুদ্ধে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে অবৈধভাবে ঋণ প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা যায়, তাঁর নামে ৪৯ লাখ ৬১ হাজার টাকার স্থাবর সম্পদ ছাড়াও ৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা এবং ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদ রয়েছে। অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই তিনি এসব সম্পদ হস্তান্তর, বিক্রি বা রূপান্তরের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সম্পত্তিগুলো অবিলম্বে ক্রোক ও অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ জুলাই ধানমন্ডির বাসভবন থেকে দুদকের একটি মামলায় অধ্যাপক আবুল বারকাত গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই মামলায় জামিন পেলেও তাঁকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরবর্তীতে আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।

মন্তব্য করুন