শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও সহযোগীর ৭ দিনের রিমান্ড

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও সহযোগীর ৭ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে চাঁদা দাবির মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের শনাক্তকরণ ও ঘটনায় ব্যবহৃত বাকি আগ্নেয়াস্ত্র উদ্ধারের স্বার্থে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত তাদের সাত দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পিকে এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে তার সহযোগী রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন অস্থায়ী পশুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে হাটের অংশীদারিত্ব দাবি করে আসামিরা। এ সময় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চাওয়া হয় এবং টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর চার দিন পর, ১৯ মে ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইসমাইল হোসেনের ব্যবসায়ী কার্যালয় লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২০ মে মতিঝিল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন