শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

অনলাইন ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ ও নতুন প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা ও শারীরিক পুষ্টি সাধনে 'মিড-ডে' মিল কর্মসূচি চালুর পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সরকার একের পর এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করছে।

আজ শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে 'মিড-ডে' মিল কর্মসূচির শুভ উদ্বোধন ও সুধী-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী শিক্ষাকে দেশের সার্বিক উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে নিয়েছেন। শিক্ষার্থীরা যাতে কেবল পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে যাতে বহুমুখী কর্মসংস্থান ও পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই সাজানো হচ্ছে আধুনিক শিক্ষার রূপরেখা।”

প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু স্মরণ করিয়ে দেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই দেশে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, যা পরবর্তীতে ধাপে ধাপে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এসব যুগান্তকারী বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি শিক্ষার প্রসারে ঐতিহাসিক ভূমিকা রাখছে।

প্রতিমন্ত্রী আরও জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের দৈনন্দিন প্রোটিন ও আমিষের চাহিদা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। স্কুলে শিক্ষার্থীদের মাঝে কীভাবে মানসম্মত ও পুষ্টিকর খাবার বা প্রোটিন পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা সম্মিলিতভাবে শিক্ষার সার্বিক মান বৃদ্ধি, প্রাথমিক স্তরে ঝরে পড়া প্রতিরোধ এবং নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ‘মিড-ডে’ মিলের মতো সমাজসেবামূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন