পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং এটি একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এই বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যেতে হবে।
আজ রবিবার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত ঐতিহাসিক বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ দমন এবং সাইবার নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত কারিগরি দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। পুলিশকে সেবা নিতে আসা সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, কোনো সাধারণ মানুষ যেন থাানা বা পুলিশের কোনো সেবাকেন্দ্রে গিয়ে হয়রানির শিকার না হন।
এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়েই ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলো। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল।
অনুষ্ঠানে একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, যিনি একাধারে ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ‘বেস্ট একাডেমিক’ অ্যাওয়ার্ড লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।
উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জিএম আজিজুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
|