কটিয়াদীতে ওসির পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
কটিয়াদীতে ওসির পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় 'উপজেলার সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, মাহফুজুর রহমান মিঠু ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা দাবি করেন, একটি চিহ্নিত মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা এসব অপপ্রচার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পুলিশ সূত্রের দাবি, ওসি রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর কটিয়াদীতে মাদকবিরোধী জোরদার অভিযান পরিচালিত হয়েছে।

তবে অন্যদিকে, স্থানীয় কয়েকটি আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় নিহতের স্বজনদের মাঝে অসন্তোষ রয়ে গেছে। সম্প্রতি কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যা এবং লোহাজুরী ইউনিয়নের প্রবাসফেরত শফিকুল ইসলাম হত্যা মামলার তদন্ত নিয়ে পরিবারের সদস্যরা ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যার প্রেক্ষিতে মামলাগুলোর তদন্ত সংস্থা পরিবর্তনের দাবিও উঠেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন